দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে হেয় করে অর্থ উপার্জন, চেহারা নিয়ে কটাক্ষ কিংবা বয়স বাড়ার সঙ্গে তারকাদের শারীরিক পরিবর্তন নিয়ে বিদ্রূপ, কোনোটিই মেনে নিতে রাজি নন সালমান খান। ‘বিগ বস ২০’-এর সাম্প্রতিক পর্বে অনলাইন ট্রোলিংয়ের সংস্কৃতি নিয়ে ক্ষোভ প্রকাশ করতে গিয়ে বিশেষভাবে সন্তান জন্মের পর নারীদের শরীর নিয়ে কটাক্ষের প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি।
শনিবারের ‘উইকেন্ড কা ভার’-এ এক প্রতিযোগীকে ঘিরে ইউটিউবার স্কাউটওপির একটি মন্তব্যের প্রসঙ্গ ওঠে। এক বিরোধের পর স্কাউটওপি তার ইউটিউব ও গেমিং কমিউনিটিকে ওই প্রতিযোগীর বিরুদ্ধে ‘খতম করে দাও’ ধরনের মন্তব্য করেছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এ ধরনের ভাষার সমালোচনা করে সালমান বলেন, কাউকে নিচে নামিয়ে যদি কেউ অর্থ উপার্জন করে, তাহলে তাতে ওই ব্যক্তির মানসিকতা ও পারিবারিক শিক্ষারই প্রকাশ ঘটে।
এরপর অনলাইন ট্রোলিংয়ের আরও বড় একটি চিত্র তুলে ধরেন সালমান। চেহারা, ওজন, পরিবার, ক্যারিয়ারে ব্যর্থতা কিংবা ব্যক্তিগত জীবনের নানা ঘটনা নিয়ে মানুষকে আক্রমণ করার প্রবণতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নারীদের সন্তান জন্মের পর শরীর নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যে ধরনের কটাক্ষের মুখে পড়তে হয়, সেটিও উঠে আসে সালমানের কথায়। কারও নাম উল্লেখ না করলেও তার বক্তব্য সাম্প্রতিক সময়ে অভিনেত্রী ক্যাটরিনা কাইফকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের আলোচনার সঙ্গে মিলে যায়।
গণেশ উৎসবে মুম্বাইয়ে উপস্থিত হওয়ার পর ক্যাটরিনার চেহারা ও ওজন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মন্তব্য ছড়িয়ে পড়ে। সম্প্রতি মা হওয়া এই অভিনেত্রীর সন্তান জন্মের পরের শারীরিক পরিবর্তন নিয়েও কটাক্ষ করা হয়।
এ প্রসঙ্গে সালমান বলেন, সন্তান জন্মের পর সবারই ওজন বাড়তে পারে। সন্তান জন্মের পর ওজন বাড়া স্বাভাবিক এবং পরে সিনেমায় ফিরলে আবার আগের মতো শরীরচর্চা করে ফিট হওয়া সম্ভব। পরিবারের সঙ্গে সময় কাটানোর সিদ্ধান্ত নিয়েও কটাক্ষ করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।
তবে শুধু নারী তারকাদের নয়, নিজের চেহারা ও বয়স নিয়েও যে নিয়মিত ট্রোলিংয়ের মুখে পড়েন, সে কথাও তুলে ধরেন সালমান। বয়স বাড়ার সঙ্গে চেহারায় পরিবর্তন আসা স্বাভাবিক উল্লেখ করে তিনি বলেন, একজন মানুষ সবসময় ‘ম্যায়নে পেয়ার কিয়া’র সময়ের মতো থাকতে পারেন না।
অনলাইনে অন্যের চেহারা ও ওজন নিয়ে মন্তব্য করা ব্যক্তিদের উদ্দেশেও প্রশ্ন তোলেন সালমান। নিজের চেহারা নিয়ে যারা অসন্তুষ্ট, তারা কেন অন্যের চেহারা ও ওজন নিয়ে মন্তব্য করতে সময় ব্যয় করেন, সেই প্রশ্ন করেন তিনি।
এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তারকাদের লক্ষ্য করে ট্রোলিংয়ের পেছনে অর্থের লেনদেন থাকতে পারে বলেও অভিযোগ করেন সালমান। কিছু প্রযোজক বা অভিনেতা অর্থ দিয়ে মানুষকে তারকাদের বিরুদ্ধে মন্তব্য করাতে পারেন বলে দাবি করেন তিনি।
পর্বে তারকাদের শরীর ও বয়স নিয়ে নিয়মিত মন্তব্যের প্রসঙ্গে সালমানকে বেশ ক্ষুব্ধ দেখা যায়। একপর্যায়ে নিজের টুপি ও টি-শার্ট খুলে মেকআপ শিল্পী রাজুকে ডাকেন তিনি। এরপর মেকআপ মুছে নিজের চেহারা নিয়ে নিয়মিত মন্তব্য করা মানুষদের উদ্দেশে নিজের বক্তব্য আরও স্পষ্ট করেন এই অভিনেতা।
/অ